আড়াইহাজারে শিয়ালের কামড়ে ১১ জন আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর মহাখালীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত শনিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটলে রোববার দুপুরে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, উপজেলার নয়নাবাদ গ্রামে শিয়ালের কামড়ে আহত হন ইব্রাহিম (১৮) জাকির (২০) সানজিদা (৯), চম্পক নগরের আমির হোসেন (৮) আস্কর আলী (৫) মুরাদ (২), জাঙ্গালিয়া গ্রামের আসাবুদ্দীন (২৮), লালুরকান্দি গ্রামের ঝুনু (৩৫) আবু তাহের (৬), বাহের চরের মেহেরুন নেছা (৭০) ও ইসলামপুর গ্রামের আ. আউয়াল (৫৫)।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর পরই খাগকান্দা ইউনিয়নের ছয়টি গ্রামে ঝাঁকে ঝাঁকে শিয়াল এসে যাকে সামনে পায় তাকেই কামড়ে ধরে। পরে লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শিয়াল তাড়া করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাদাত/এমএএস/আইআই