সিদ্ধিরগঞ্জে সওজ অফিসে কর্মচারীদের কর্মবিরতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ নভেম্বর ২০১৭

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ অফিসে ৩ ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা।

ওয়ার্কচার্জড কর্মচারীদের দ্রুত নিয়মিত করণসহ ৭ দফা দাবিতে সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালন করে শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল।

সংগঠনের জেলা শাখারা সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার ও দফতর সম্পাদক মাসুদ আলম প্রমুখ।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মচারীদের মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মাস্টাররোল কর্মচারীদের দৈনিক মজুরি প্রদান, নিয়মিত কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদান, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাংগঠনিক কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেয়া, ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরির বয়স ২ বছর বাড়ানো এবং বিনা পেনশনে ইতোমধ্যে ৬০ বছর পূর্ণ/ মৃত্যুবরণ করেছে তাদের অনুদানের ব্যবস্থা করা। এসব দাবিতে তারা আগামী ১২ নভেম্বর জেলার গুরুত্বপূর্ণ সড়ক অথবা ঢাকার প্রেসক্লাবে মানববন্ধন করবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।