উন্নয়নের প্রচারপত্র বিলির ক্ষেত্রে বাধা প্রদানের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩২ এএম, ১১ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য সম্বলিত প্রচারপত্র বিলি ও প্রচারণাকারীদের বাধা প্রদান এবং মামলা-হামলার মাধ্যমে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা বিভাগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।

লিখিত অভিযোগে ব্যারিস্টার সোহরাব উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রচারপত্রের (লিফলেট) মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিতে গিয়ে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। অনেক জায়গায় স্থানীয় এমপির অনুসারীদের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে আমার অনুসারী নেতাকর্মীসহ দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইতোমধ্যে আসন এলাকার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্নস্থানে লাগানো বঙ্গবন্ধু, জননেত্রী, আমার ছবি ও সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত বিলবোর্ড, ফেস্টুন ভেঙে ফেলার মতো প্রতিহিংসামূলক কর্মকাণ্ড শুরু করে আমার প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা।

তিনি বলেন, আমার নেতৃত্বে সম্প্রতি বুড়িচং উপজেলার ভারেল্লা, ময়নামতি ও মোকাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আমি চলে যাই। পরে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে নিমসার বাজারে যাওয়ার পর প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা তাদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এসময় তারা মোকাম ইউনিয়নের ডাকলা পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে বায়েজিদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর রাত ৮টার দিকে বায়েজিদকে দেখতে তার বন্ধুরা হাসপাতালে যায়। এসময় বায়েজিদের বন্ধু আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের আবদুল হালিমের ছেলে ছাব্বিরকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ।

পুলিশ তাকে ২দিন থানায় আটক রাখার পর ২৫ অক্টোবর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

মো. কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।