এবার ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ এএম, ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপ/ছবি-এএফপি

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এ হামলার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপটিতে অবস্থিত তেলের স্থাপনাগুলোকে এই হামলার আওতামুক্ত রাখা হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ তেল স্থাপনা থাকায় ইরানের কাছে খারগ দ্বীপ বেশ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‌‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করেছেন এবং এটি তার অতিরঞ্জিত বর্ণনা নয়।

পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানি শহর বুশেহরের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।

ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপ দিয়ে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করা হয়, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি হয়ে চীনের মতো দূরবর্তী বাজারগুলোতে পৌঁছে যায়।

খারগ দ্বীপে হামলা হওয়া মানে সরাসরি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত করা। এই দ্বীপে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার ঘোষণা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এসআর/কেএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।