মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর মুখে হারপিক ঢেলে হত্যার চেষ্টা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রীকে (১৫) বন্ধুদের নিয়ে ধর্ষণের পর মুখে হারপিক ঢেলে হত্যার চেষ্টার চালিয়েছে রুবেল নামে এক বখাটে। এ ঘটনায় রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রুবেলসহ তার সহযোগিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার চরঘারমোড়া এলাকার ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে একই উপজেলার ঘারমোড়া কোনাপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে রুবেলের পরিচয় হয়। সেই সূত্রধরে শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় ঘুরতে যায়। আর সেখান থেকে বাসায় ফেরার পথে শুক্রবার সন্ধায় রুবেল ওই ছাত্রীকে ঘারমোড়া কোনাপাড়া এলাকার জনৈক আলমাছ মিয়ার বাগান বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনা জানাজানি না করার জন্য তাকে হত্যার হুমকি দেয়। এরপর ধর্ষকের সহযোগী অজ্ঞাত যুবক তার ২ হাত চেপে ধরে রাখে। পরে ধর্ষক রুবেল তার মুখে হারপিক ঢেলে দেয়। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক ও তার সহযোগি পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি