১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। বিএনপির ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে বদলে যাবে দেশের সার্বিক চিত্র।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। এতে দেশে কোনো বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা।

ধানের শীষকে মানুষের ও গণতন্ত্রের মার্কা উল্লেখ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ আরও অনেকে।

একইদিন সকালে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। এসময় এক পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভি জয়নাল আবেদীনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।