বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা মামলার আসামি আবদুল মান্নান শাহাদাতকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বেইলি টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মান্নান শাহাদাত ফতুল্লার ভূইগড় এলাকার আবুল খায়েরের ছেলে।

জানা গেছে, গার্মেন্ট ব্যবসায়ীর সাইনবোর্ড লাগিয়ে এলাকার লোক দিয়ে অপরাধ কর্মকাণ্ড করে মান্নান। সেই সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার পর টাকার ব্যাগ ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় পুলিশ চার্জশিট দাখিল করেছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এএসআই মো. সোহাগ জানান, গ্রেফতার মান্নান ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট আছে। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।