মায়ের বুকে ফিরল ১ বছরের শিশু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা থেকে ফারিয়া আক্তার নামে ১ বছরের এক কন্যাশিশুকে অপহরণের ২০ ঘণ্টা পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার সদর থানার নবপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে শিশুটির মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার মিয়া।

ওসি জানান, বুধবার বেলা ৩টায় ফারিয়া আক্তারকে ফারিয়ার বাবা শাহ আলমের পাইনাদীর সিআইখোলার টেইলার্সের দোকান থেকে তার কর্মচারী দেলোয়ার হোসনে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতের বাবার মোবাইল ফোনে অপহরণকারী ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় শিশুর বাবা শাহ আলম বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়।

এ সময় অপহরণকারীর দেয়া একটি বিকাশ নম্বরে ফারিয়ার বাবা ১০ হাজার টাকা পাঠায়। ওই বিকাশ এজেন্টের কাছ থেকে দেলোয়ার টাকা নিতে আসলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অপহরণকারী দেলোয়ারকে গ্রেফতার করে।

পরে অপহরণকারীর কথামতো তার বোন ফরিদা আক্তারের গাজীপুর জেলার সদর থানাধীন নবপাড়া এলাকার বাসা থেকে শিশু ফারিয়াকে উদ্ধার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ উদ্ধারকৃত ফারিয়াকে উপস্থিত সাংবাদিকদের সামনে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।

হোসেন চিশতী সিপু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।