পাচার হওয়া ৭৫ বাংলাদেশি বৃহস্পতিবার দেশে ফিরবে


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০১ জুলাই ২০১৫

ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৭৫ নারী-শিশুকে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠাবে ভারতীয় কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করবে বলে জানা গেছে।  ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানার মাধ্যমে এদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা।  পরে এদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।  আগামী এক সপ্তাহের মধ্যে এসব নারী-শিশুদের নিজ নিজ পরিবারের কাছে এনজিও কর্মকর্তারা সোপর্দ করবেন বলে জানা গেছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঢাকা,কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে।

যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, সংসারে অভাব অনটনের কারণে গত ২ বছর থেকে ৫ বছর আগে এসব নারীরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে যায়।  পরে দালাল চক্র তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করে।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ মোম্বাই শহরের বিভিন্ন স্থান থেকে এদের আটক করে জেল হাজতে পাঠায়।  সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।  পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের দেশে ফেরার ব্যবস্থা করে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,পাচারের শিকার নারী, শিশুদের আইনি সহযোগিতা করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।  পুলিশ ও সমাজের প্রভাবশালী কিছু মানুষ পাচারকারীদের পক্ষ নিয়ে কাজ করায় পাচার মামলা আলোর মুখ দেখছে না।  এতে ধরা ছোয়ার বাইরে থাকছে পাচারকারীরা।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট সালমা খাতুন ও রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, পাচারের শিকার নারীরা যদি পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা করবেন বলে জানান তারা।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।