পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টিমুখ করালেন আমির হামজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মিষ্টি নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে পরাজিত বিএনপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমায়াতের কুষ্টিয়া-৩ (সদর) আসনের নব-নির্বাচিত এমপি মুফতি আমির হামজা। শুক্রবার সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে ছুটে যান আমির হামজা।

দলীয় কার্যালয়ে গিয়ে তিনি বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করান। দুই পক্ষের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মুফতি আমির হামজা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নই সবার মূল লক্ষ্য হওয়া উচিত।

কুষ্টিয়া-৩ আসনের সার্বিক উন্নয়নে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আল-মামুন সাগর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।