রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকার ফরাজি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
গত সোমবার (১৩ নভেম্বর) দুপুরে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। নিহত মিজানুর রহমান উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগড় এলাকার আলম মিয়ার ছেলে। এছাড়া তিনি ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
ওসি ইসমাইল হোসেন জানান, কৃষ্ণনগড় এলাকার জাহিদুল, সিরাজ, রহিম, নাজমুল, সুজন, হৃদয়, মনসুরের সঙ্গে একই এলাকার মঞ্জুরুল আলমের দীর্ঘদিন বিরোধ চলছিল।
এর জেরে গত সোমবার প্রতিপক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মঞ্জুরুল আলমের মাছের খামারে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন প্রথমে মঞ্জুরুল আলমকে কুপিয়ে গুরুতর জখম করে। মঞ্জুরুল আলমের ডাক-চিৎকার শুনে বড় ভাই মিজানুর রহমান ও মামাতো ভাই পলাশ এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও দা দিয়ে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে, পরে ফরাজি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম