স্কুলছাত্রী প্রিয়াংকা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ, অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৭

জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ঘণ্টাব্যপী সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রিয়াংকা একজন ভালো ছাত্রী ছিল। শিক্ষার্থীদের সঙ্গে প্রিয়াংকা লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায়ও ব্যস্ত সময় পার করতো। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এদিকে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের প্রিয়াংকা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় তারা।

ওসি জানান, প্রাইভেট পড়ে আসার পথে জেএসসি পরিক্ষার্থী প্রিয়াংকাকে অপহরণ করে ধর্ষণের পর জবাই করে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হাসান।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সকালে বরাব কবরস্থান এলাকার দুই বাড়ির সীমানাপ্রাচীরের পানির ড্রেনে জেএসসি পরিক্ষার্থী প্রিয়াংকার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় প্রিয়াংকার বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।