সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
গোপালগঞ্জে সোনালী ব্যাংক ভাটিয়াপাড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসারসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই কোটি ৫৫ লাখ সাত হাজার ৫৬৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বুধবার ওই ব্যাংকের বর্তমান ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মো. মোসলেম মোল্লা বাদী হয়ে ব্যাংকের সাবেক ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ব্যাংকের ওই শাখায় আসামিরা দায়িত্ব পালনের সুবাদে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার কামাল মৃধা, আনোয়ার হোসেন মৃধা, বরফ মৃধ, সানোয়ার হোসেন মৃধা ও কবির মুন্সিসহ এক হাজার ৩০২ জনের নামে ভুয়া ঋণ মঞ্জুর করেন। আঞ্চলিক এখতিয়ারের বাইরে এক ব্যক্তির নামে একাধিক বার ঋণ দেখিয়ে এবং তাদের স্বাক্ষর জাল করে এসব ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতার স্বাক্ষর ছাড়া এবং কখনও ঋণ গ্রহণ করেননি এমন ব্যক্তিদের নামও ওই তালিকায় রয়েছে।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হযেছে।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম