অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭

কুমিল্লায় অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে সুবর্ণা আক্তার মীম (৭) নামে এক মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার জেলার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের থানগাঁও ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু মীম (৭) চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকার সাবেক পুলিশ সদস্য কোরবান আলীর মেয়ে এবং চান্দিনা ইকরা মহিলা মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মীম গত বুধবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার সন্ধান চেয়ে বিকেলে এলাকায় মাইকিং করা হয়।

নিহতের বাবা কোরবার আলী জানান, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে একটি মোবাইল ফোনে এক ব্যক্তি তার কাছে মেয়ের জীবনের বিনিময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি বিষয়টি চান্দিনা থানা পুলিশকে অবহিত করেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন গলায় ওড়না পেঁচানো অবস্থায় মীমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে বিকেলে মামলা করেছেন। ধারণা করা হচ্ছে- ওই শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।