প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পেল সুয়েটার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

একটি লাল কিংবা হলুদ সুয়েটার পেয়ে কুমিল্লার সুবিধা বঞ্চিত প্রত্যন্ত এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ছিল যেন আনন্দের বন্যা। লেখাপড়ার খরচই যাদের জুটে না তাদের আবার রঙ্গিন সুয়েটার কেনার সামর্থ কোথায় ? শিশুদের শীতবস্ত্র দিয়ে তাদের আনন্দে সামিল হয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা জয়যাত্রা ফাউন্ডেশন।

শুক্রবার জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের চান্দসার এলাকায় স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে সুয়েটার বিতরণ করা হয়। বাদ যাননি বয়স্করাও। তাদের মাঝে বয়স্ক ভাতা ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, ফাউন্ডেশনের ট্রাস্টি ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সিআইপি এবং মহাসচিব এস.এম ওয়াহিদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, জয়যাত্রা পরিবারের সদস্য এনামুল হক সোহাগ, রাজিয়া সুলতানা সিন্থি, এস.এম মনিরুল ইসলাম ও সাইদুল করিম। অনুষ্ঠানে ‘গোধূলীর আলো’ বয়স্ক ভাতা প্রকল্পের আওতায় এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিতদের ১ লাখ ২০ হাজার টাকা বয়স্ক ভাতা এবং ২ সহস্রাধিক কম্বল ও ১ সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে সুয়েটার বিতরণ করা হয়।

বয়স্ক ভাতা ও কম্বল পেয়ে বৃদ্ধ জয়নব বেগম, আলফু মিয়া জানান, এলাকার অনেকেই সরকার থেকে বয়স্ক ভাতা পাচ্ছে না। জয়যাত্রার মাধ্যমে এলাকার লোকজন এ সহায়তা পেয়ে বেশ খুশি।

স্থানীয় চান্দসার-জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন, নুরে আলম এবং চান্দসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম ও ফাতেমা জানান, শীতবস্ত্র হিসেবে লাল রঙ্গের সুয়েটার পেয়ে তারা খুশি। এ জন্য তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ফাউন্ডেশেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর বলেন, বিগত ৪ বছর যাবৎ এ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত এলাকায় দেশের মানুষের মাঝে বয়স্ক ভাতা ও শীতবস্ত্র বিতরণ করে আসছে।

তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের চেয়ে যারা আমরা একটু হলেও ভালো আছি। মানবিক কারণে আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।