২৫শ’ গাছ ও বিদ্যুতের ২ হাজার খুঁটি সরাতে চিঠি
তিন লেনে উন্নীত হতে যাচ্ছে যশোর-খুলনা মহাসড়ক। ৩২১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের শুরুতে এই মহাসড়ক সম্প্রসারণ করা হবে।
ইতোমধ্যে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তিন লেনে উন্নীত করতে রাস্তার দুই পাশের ২ হাজার ৫৫৫টি গাছ কাটতে এবং বিদ্যুতের ১ হাজার ৮৫০ ও টিঅ্যান্ডটির ৮৮টি খুঁটি সরাতে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছে সওজ।
যশোর সড়ক জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলী নূরায়েন জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর-খুলনা মহাসড়কটির বর্তমান অবস্থা বেশ খারাপ। চলাচলের জন্য উপযোগী নয়। তিন লেন হলে দুর্ভোগ লাঘব ও মহাসড়কটি যানজটমুক্ত হবে। দ্রুত সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে যশোর ও খুলনায় যাতায়াত করা যাবে। এছাড়া আরও বেশি সংখ্যক যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়ে উঠবে এ মহাসড়কটি।
সওজ যশোরের উপ-বিভাগ-১ কার্যালয় সূত্রে জানা যায়, যশোর-খুলনা মহাসড়ক যথাযথ মানে প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩২১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এ মহাসড়কের ৩৮ কিলোমিটার তিন লেনে উন্নীত করা হবে।
কাজের দরপত্র মূল্যায়নের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মহাসড়কের সম্প্রসারণ কাজ শুরু হবে। দুইটি প্যাকেজের মাধ্যমে ২০১৯ সালের ডিসেম্বর মাসে মহাসড়কের সম্প্রসারণ কাজ শেষ হবে।
সওজের দেয়া তথ্য মতে, মহাসড়ক সম্প্রসারণের জন্য দুই পাশের ২ হাজার ৫৫৫টি গাছ কাটার পাশাপাশি বিদ্যুতের ১ হাজার ৮৫০ ও টিঅ্যান্ডটির ৮৮টি খুঁটি সরানোর প্রয়োজন হবে। এ জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সূত্র আরও জানিয়েছে, প্রকল্পের আওতায় যশোর শহরের পালবাড়ি থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মহাসড়ক ৮ ফুটেরও বেশি প্রশস্ত করা হবে। বর্তমানে এ মহাসড়কের প্রশস্ততা ৩২ ফুট। এটি বাড়িয়ে ৪০ ফুট করা হবে।
মিলন রহমান/এএম/জেআইএম