হাতিয়ায় বিএনপির ৯ নেতাকে বহিষ্কার
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামিমের বিরোধিতা করায় দলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ ও সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু।
চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলে তাদের প্রাথমিক সদস পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো চিঠি ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বহিষ্কার কার্যকর করা হয়েছে। যারা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বহিষ্কারাদেশ পাওয়া হাতিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, দলের সিদ্ধান্তে আমরা বিচলিত নই। এখানে তিন বারের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম (হরিণ) স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তাকে জিতিয়ে আসনটি আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।
১১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৮৪ জন। এ আসনে মোট ১০৪টি ভোটকেন্দ্র রয়েছে, যার একটিও অস্থায়ী নয়। তবে ৬৬৫টি ভোটকক্ষের মধ্যে ৬৮টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।
এরআগে নোয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের বিরোধিতা করায় ৩০ জনকে বহিষ্কার করেছে দলটি। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত নেতা কাজী মোহাম্মদ মফিজুর রহমান।
ইকবাল হোসেন মজনু/এনএইচআর/জেআইএম