টাঙ্গাইলে দু`টি ট্রাকের সংঘর্ষে নিহত ২ : তীব্র যানজট


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৮ জুলাই ২০১৫

টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় দু`টি ট্রাকের সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার হরিপুর এলাকার রহিজ মিয়ার ছেলে ট্রাক চালক মামুন ইসলাম (২৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দুহারিয়া পাড়া এলাকার শফিজ উদ্দিন শেখের ছেলে কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০)।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি রডভর্তি ট্রাক মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিমেন্টভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের রাবনা বাইপাস থেকে পাকুল্লা পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সৃষ্ট যানজট এখনও অব্যাহত রয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।