সোনারগাঁয়ে ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কনফিডেন্ট গ্রুপের কারখানায় ক্রেন ছিঁড়ে লোহাচাপা পড়ে বাদশা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নয়াপুরে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের তাইজদ্দিনের ছেলে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় কনফিডেন্ট গ্রুপের কারখানার শ্রমিক বাদশা মিয়া বিকেল ৪টার দিকে ট্রাকে সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি উঠাচ্ছিলেন। এ সময় ক্রেনের তার ছিঁড়ে লোহার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কনফিডেন্ট গ্রুপের ব্যবস্থাপক (অ্যাডমিন) রাসেল চন্দ্র মজুমদার বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করা হবে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।