মসজিদের ভেতর গলাকাটা লাশ
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ভোগড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. মোতালেব মিয়ার (৬০) বাড়ি ময়মনসিংহে। তিনি ভোগড়া এলাকায় থেকে পরিত্যক্ত মাল কুড়িয়ে বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মোতালেব মিয়া গত কয়েক রাত ভোগড়া সরকারবাড়ি এলাকার নির্মাণাধীন মসজিদে ঘুমাতেন। ভোরে ওই মসজিদের মোয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেয়।
বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
আমিনুল ইসলাম/এফএ/এএম/আরআইপি/আইআই