পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার
গাজীপুরে গজারী বনের ভেতর থেকে সোমবার বিকেলে এক পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের দরান চালা এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
কঙ্কালটি সজীব (২২) নামে এক যুবকের। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার ভিতপুর এলাকার আব্দুল করিমের ছেলে। সজীব রাজেন্দ্রপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় এনএজেড নামের পোশাক কারখানায় চাকরি করতেন।
জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. সাদেকুজ্জামান ভূঁইয়া বলেন, সজীব গত ২৪ নভেম্বর কারখানা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন।
এ ব্যাপারে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় প্রথমে জিডি ও পরে মামলা করার পর পুলিশ একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে গজারী বন থেকে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়।
আটক ওই ব্যক্তি পুলিশকে জানায়, সজীবের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার পর লাশটি ওই বনে ফেলা রাখা হয়। তদন্ত ও জড়িতদের আটকের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস