খুলনা-কলকাতা ট্রেন যশোরে স্টপেজের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭

খুলনা কলকাতা রেলরুটে যশোরে স্টপেজ, বেনাপোল-ঢাকা রুটে ২টা ট্রেন চালুসহ ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট প্রাঙ্গণে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, খুলনা-কলকাতা রুটে যশোরে স্টপেজ দেয়া ও ভাড়া কমানো, বেনাপোল-ঢাকা রুটে ২টা ট্রেন চালু, যশোর খুলনা শাটল ট্রেন চালু, জরুরী ভিত্তিতে খুলনা-দর্শনা ডবল লাইনের কাজ শুরু এবং সারাদেশে ডাবল লাইন চালুসহ সকল জেলাকে রেলের আওয়ায় আনা, কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য সকল ট্রেনে বিশেষ বগির (ভেন্ডোর) ব্যবস্থা, রেলের ভাড়া কমানো, রেলের সম্পদ পুনরুদ্ধার, উন্নয়ন ও দুর্নীতি বন্ধ করা, রেল কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবিসমূহ পূরণ, যশোর রেলওয়ে হাসপাতাল চালু করা, রেল স্টেশনগুলো অধুনিকীকরণ, বসার স্থান, টয়লেট ও পরিষ্কার পানির ব্যবস্থা করা এবং সব স্টেশন থেকে দেশের যে কোনো স্থানের অগ্রিম টিকিট দেয়ার ব্যবস্থা।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।

উপস্থিত ছিলেন যশোর রেল উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদ, রাজনৈতিক নেতা অ্যাডভোকেট এনামুল হক, ইলাহদাদ খান, হাসিনুর রহমান, জাকির হোসেন হবি প্রমুখ।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।