পরাজিত শক্তির দেশে থাকার অধিকার নেই
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশে কোনো অপশক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি সবসময় ষড়যন্ত্র করে চলছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজয়ের মাসে এটাই হোক আমাদের শপথ।
শুক্রবার সন্ধ্যায় মিউনিসিপ্যালিটি গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় বাস্তবায়নাধীন গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টার ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে, এমন নজির নেই। যারা ক্ষমতায় গিয়ে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন, নিজামী মুজাহিদদের গাড়িতে পতাকা দিয়েছেন, সেসব পরাজিত শক্তির দোসরদের এ দেশের পবিত্র মাটিতে থাকার কোনো অধিকার নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই-র সিনিয়র সহ-সভাপতি ও শেখ সেলিমের জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে ফাহিম এবং কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফজলে নাঈম, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান হাবিব, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর-মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
এর আগে তিনি গোপালগঞ্জ পৌরসভার কমিউনিটি সেন্টার ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মোনাজাত করেন। পরে রাত সোয়া ৮টার দিকে তিনি গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এস এম হুমায়ূন কবীর/এআরএস