কুমিল্লায় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও জাল ভোটের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্র দখল ও ব্যাপক জাল ভোটের মধ্য দিয়ে বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কয়েকটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা নিজেই প্রকাশ্যে ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা।

সূত্রে জানা যায়, জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা, আটিয়াবাড়ি, ভোলাইন, তুগুরিয়া কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেয়া হয়েছে। আওয়ামী লীগের লোককে বিএনপির এজেন্ট সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। গণমাধ্যমের গাড়ি দেখে নিজেদের লোকজন লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং বুথে সহকারী প্রিসাইডিং অফিসার নিজেই ভোট দিয়েছেন। এখানে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারদের দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

comilla-nirbacon-pic2

ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহান উদ্দিন ভুইয়া, বিএনপির প্রার্থী মাঈন উদ্দিন, স্বতন্ত্র মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ নাসির উদ্দিন মামুন অভিযোগ করে বলেছেন, প্রকাশ্যে ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাবের ফোনে একাধিকবার চেষ্টা করেওে তাকে পাওয়া যায়নি।

comilla-nirbacon-3

উপজেলার চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইকবাল বাহার বলেন, জাল ভোট এবং অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম জানান, জাল ভোটের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।