মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো ইউপির প্রশাসনিক কর্মকর্তার
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আ. মান্নান তালুকদার (৪৬) নামে ইউনিয়ন পরিষদের এক সচিব (প্রশাসনিক কর্মকর্তা) নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ. মান্নান তালুকদার একই উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শেরপুরগামী ‘রনি সুপার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মধুপুর এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আ. মান্নানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ঘাতক বাসসহ দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, দুপুরে মৃত অবস্থায় আ. মান্নানের মরদেহটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি লাশ ঘরে রয়েছে।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম