নাঙ্গলকোটে ৮ বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

সরকার দলীয় চেয়ারম্য্যান প্রার্থীদের কেন্দ্র দখল, বিএনপির এজেন্টদের মারধর, জালভোট ও নৌকার ব্যালেটে আগাম সিল মারার অভিযোগ এনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিএনপি মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলার নাঙ্গলকোট প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানরা ভোট বর্জনের এ ঘোষণা দেন।

ভোট বর্জনকারী চেয়ারম্যানরা হলেন, আদ্রা দক্ষিণ ইউনিয়নের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাইন উদ্দিন, আদ্রা উত্তর ইউনিয়নে মাহবুবা আক্তার, বটতলী ইউনিয়নে গোলাম মাওলা, দৌলখাঁড় ইউনিয়নে মো. মোশারফ হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়নে শফিকুর রহমান চৌধুরী, জোড্ডা পশ্চিম ইউনিয়নে শাহজাহান মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়নে মো. ইদ্রিস মিয়া এবং রায়কোট দক্ষিণ ইউনিয়নে নজরুল ইসলাম ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে বিএনপির ভোট বর্জনকারী ৮ চেয়ারম্যান জানান, সকাল থেকেই উপজেলার ৮ ইউনিয়নের অধিকাংশ ভোটকেন্দ্রই দখলে নেয় সরকার দলীয় নৌকার সমর্থকরা। এরআগে রাতেই অনেক ভোটকেন্দ্রে নৌকার ব্যালটে সিল মারা হয়।

চেয়ারম্যানরা আরও অভিযোগ করেন, সকালে বিএনপির এজেন্টদের কেন্দ্রের গেট থেকেই বের করে দিয়ে প্রকাশ্যে নৌকার ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এতে প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি।

মো. কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।