সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারাগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনির হোসেন নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার কাঁচপুরের নয়াবাড়িস্থ অনন্ত কম্পোজিটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন নাটোর সদর থানার বড় হরিদাসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. রমজান আলী জানান, কাঁচপুরের নয়াবাড়ি অনন্ত কম্পোজিটের সামনে ভোরে ঘন কুয়াশার কারণে কাভার্ডভ্যানের চালক মনির হোসেন সামনে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মনির হোসেন নিহত হন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস