গাজীপুরে র্যাপিং পেপারের গোডাউনে আগুন
গাজীপুরে ওয়েস্টেজ র্যাপিং পেপারের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন ফ্যাক্টরি রোডে নতুন বাজার দৌলতপুর এলাকায় ওয়েস্টেজ র্যাপিং পেপার গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়।
মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। গোডাউনে ওয়েস্টেজ র্যাপিং পেপার (পলিথিন জাতীয়) রাখা ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে গোডাউনে থাকা ওয়েস্টেজ র্যাপিং পেপারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আব্দুর রহমান আরমান/এএম/আইআই