রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রেল কর্মকর্তার মৃত্যু
রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা মারা গেছেন। নিহত আলতাফ হোসেন (৫২) পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন। নগরীর ঘোড়ামারা এলাকার মৃত মীর সেকেন্দার আলীর ছেলে তিনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরীর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরের পাশেই রেললাইন পার হচ্ছিলেন ওই রেল কর্মকর্তা। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন-৬ ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। পকেটে থাকা আদালতের নথি থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
জানতে চাইলে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
ফেরদৌস সিদ্দিক/এফএ/জেআইএম