জেএমবি নেতাসহ গ্রেফতার ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

জেএমবির শীর্ষস্থানীয় এক নেতা ও আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার এজাহারভুক্ত জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করে র‌্যাব ১১। কামালের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। একইদিন রাতে রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতাররা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল ওরফে হাসান (২৭), পাবনার সুজানগর উপজেলার মোবারক হোসেন ওরফে মাসুদ (৩৩) ও কুমিল্লার মুরাদনগরের আবু রায়হান চৌধুরী (২৮)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, উগ্রবাদী বই ও জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।