সিলেটে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
সিলেটে আদালত প্রাঙ্গণে দুই ফটো সাংবাদিকের ওপর পাথরখেকো লিয়াকত বাহিনীর হামলার প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন। এতে সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক লোক অংশগ্রহণ করে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং পাথর উত্তোলনের নামে পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।
একইসঙ্গে হামলার দায়ে প্রধান অভিযুক্ত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিলেটের আদালত চত্বরে পাথরখেকো চক্রের নজিরবিহীন হামলায় দুই সংবাদকর্মী গুরুতর আহত হওয়ায় আমরা সংক্ষুব্ধ। সিলেটের প্রাণ-প্রকৃতিকে ধ্বংস করে পাথরখেকো চক্রের গড়ে তোলা অবৈধ সম্পদ সিলেটকে আগামীতে কঠিন সংকটে ফেলবে।
আদালতের মতো একটি সুরক্ষিত এলাকায় এমন নজিরবিহীন হামলায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে এ ঘটনায় মামলা হলেও এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সভাপতিত্বে ও সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের সমন্বয়ক আব্দুল হাই আল-হাদীর পরিচালনায় মানববন্ধনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির।
এছাড়া বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর, যুগান্তর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কবি কাসমির রেজা, অনলাইন অ্যাক্টিভিস্ট হাসান মোরশেদ, সিলেট প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস রহমান।
ছামির মাহমুদ/এএম/জেআইএম