যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রানা হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে।

নিহতের মা রাহি বেগম জানান, রানা সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে রেলগেটে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে রেলগেট পঙ্গু হাসপাতালের পেছনের বাসিন্দা ডলার ও বাবু তাকে এলোপাথাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে একজন ইজিবাইক চালক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়।

রাহি বেগম বলেন, আমি ছাত্রাবাসে কাজ করি। আমার ছেলে রানা যশোর কালেক্টরেট মার্কেটের একটি পোশাকের দোকানে কাজ করত।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইউসুফ আলী বলেন, রানার দুই পা এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করায় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মিয়া বলেন, ঘটনা শুনে রেলগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা কি কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে চাঁচড়া ফাঁড়ির পরিদর্শক রফিকুল হক জানান, রানা হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

মিলন রহমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।