কুমিল্লার মামলায় গ্রেফতার দেখানো হলো খালেদাকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রলবোমায় ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

কুমিল্লা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছালে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

ওই সময় বাসে আগুন ধরে ৮ জন যাত্রী পুড়ে মারা যায়। এ ঘটনায় দুটি মামলা হয়। দুটি মামলায় খালেদা জিয়া হুকুমের আসামি। গত ২ জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ দুটি মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ওই সময়ে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ঢাকার গুলশান থানায় পাঠানো হয়। বর্তমানে খালেদা জিয়া একটি মামলায় আদালতের রায়ে কারাগারে আছেন। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পিপি মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম পৌরসভার হালদারপাড়া এলাকায় কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এ মামলা করা হয়েছিল। ওই দিন রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা হয়। জেলা ও দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এ মামলা বিচারাধীন। তবে ২০১৭ সালের ২৩ নভেম্বর এ মামলা হাইকোর্ট থেকে স্থগিত করা হয়। এ মামলাটি বর্তমানে স্থগিত।

এছাড়া ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। পরে এটিও স্থগিত করা হয়।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।