কুমিল্লায় নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ নোয়াখালীতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের মরদেহ নোয়াখালীর চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

হত্যায় জড়িত সন্দেহে বিল্লাল হোসেন এবং লাকসাম পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি ছায়েদুল হক জুয়েলসহ ৫ জনকে আটক করার পরই বেরিয়ে আসে আসল ঘটনা।

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই ব্যবসায়ীকে হত্যার আগে তার হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে বস্তাভর্তি করে মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়।

নিহত নিতাই দেবনাথ জেলার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বিকেলে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ (৩৫)। পরে ১১ ফেব্রুয়ারি নিতাইয়ের বড় ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় জিডি করেন।

লাকসাম থানার জিডির সূত্র ধরে পুলিশ গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে লাকসাম পৌর এলাকার ফতেহপুরের একটি লেপতোষক দোকানের কারিগর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের বিল্লাল হোসেনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে লাকসাম থানা পুলিশ আটক বিল্লালের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের পাশের একটি ডোবা থেকে নিতাই দেবনাথের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ঘাতক বিল্লালের তথ্যমতে নোয়াখালীর চাটখিল থেকে নিতাই দেবনাথের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, আর্থিক লেনদেন ও পূর্ব শক্রতাকে কেন্দ্র করে ওই ব্যবসায়ীকে কৌশলে চাটখিল নিয়ে হত্যা করা হয়েছে বলে জড়িতরা স্বীকার করেছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।