শিশুকে ধর্ষণের চেষ্টা, ৬০ হাজার টাকায় বৃদ্ধের রক্ষা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামে ৯ বছরের শিশুকে ৬৫ বছরের বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা ৬০ হাজার টাকা জরিমানা করে ধর্ষক ইব্রাহিমকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে।

শিশুটির মা জানান, তার শিশু কন্যা গত বুধবার বিকেলে বাড়িতে খেলা করার সময় প্রতিবেশী ইব্রাহিম তাকে কুল খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই সময় ইব্রাহিমের বাড়িতে কেউ না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে আটকে রাখে। পরে বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় মাতব্বরা ইব্রাহিমকে মুক্ত করে নিয়ে যায়।

পরের দিন বৃহস্পতিবার এলাকার ইউপি সদস্য নুর ইসলাম, সাবেক সদস্য বাটুল, খলিলসহ স্থানীয় আরও লোকজনের উপস্থিতিতে ইব্রাহিমকে কান ধরে উঠ-বস করিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

স্থানীয়রা জানান, ইব্রাহিম ইতোপূর্বে আরও ৩ বার নারী ধর্ষণের অভিযোগে শালিস-বিচারের সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য নুর ইসলাম বলেন, মিমাংসা করে ইব্রাহিমকে কান ধরে ওঠ বস করে ছেড়ে দিয়েছি।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, এখনও আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনা মৌখিকভাবে জানার পর নুর ইসলাম মেম্বারের কাছে জানতে চাইলে তিনি আমার কাছে অস্বীকার করেন।

নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে ইব্রাহিমের শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি গোড়পাড়া পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য বলছি।

জামাল হোসেন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।