ফতুল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় ছোটন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৯টার দিকে ফতুল্লার দেলপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে রাত সাড়ে ১০টায় পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নিহত ছোটন ফতুল্লার দেলপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে এবং দেলপাড়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম জানান, রাত সাড়ে ৯টায় দেলপাড়া বাজারে শিশু ছোটন রাস্তা পারাপারের সময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ট্রাকের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে সড়কে বিক্ষোভ করতে থাকে। পরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আমল সেন্টুকে নিয়ে এলাকাবাসীকে শান্ত করা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর