টেকনাফে ৯০ লাখ টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৮ মার্চ ২০১৮

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার ভোরে ২-ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে বিশেষ টহলদল এসব ইয়াবা জব্দ করে।

টেকনাফ ২-ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, হাড়িয়াখালী লবণ মাঠ এলাকা দিয়ে ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার সংবাদ পেয়ে টহলদল ওই এলাকায় ওঁৎপেতে থাকে।

ভোরে একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে করে লবণ মাঠ দিয়ে আসতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পাশের গ্রামে পালিয়ে যায় লোকটি।

পরে ওই ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।