পলিথিনের ব্যাগে মিলল ৬ কোটি টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকা থেকে ফের ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার সকালে দ্বীপের নোয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ পূর্বজোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আবদুল্লাহ আল ফারুক।

তিনি জানান, শাহপরীরদ্বীপের নোয়াপাড়া এলাকায় দুইজন ব্যক্তি পলিথিনের ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছিলেন। এমন সময় কোস্টগার্ডের টহলদল তাদের দাঁড়াতে বললে তারা হাতের ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়।

পলিথিনগুলো উদ্ধার করে খুলে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৪ মার্চ সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম অংশে ঝুপের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস এবং ১৬ মার্চ শুক্রবার একইভাবে অভিযান চালিয়ে আবারও ৩ লাখ পিস ইয়াবা জব্দ করে কোস্টপার্ড সদস্যরা। এর দুইদিনের মাথায় শাহপরীরদ্বীপ থেকে এসব ইয়াবা জব্দ করা হলো।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।