সোনারগাঁয়ে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের গাড়িতে ডাকতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে ডাকাতদল ওই এলাকায় অ্যাম্বুলেন্স ও লেগুনার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের হামলায় গাড়ির চালকসহ সাত যাত্রী আহত হন। পরে ডাকাতরা পুলিশের গাড়িতে হানা দেয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. জসীম উদ্দিন জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় বেড়িবাঁধের পাকা রাস্তায় রোববার রাতে কলাগাছ ফেলে রোগীবাহী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৬-৭ জনের ডাকাত দল। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অ্যাম্বুলেন্সটি ঘেরাও করে চালকসহ ছয় যাত্রীকে মারধর করে ছয়টি মোবাইল সেট, নগদ ২৫ হাজার টাকা, তিনটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের ঝুমকা লুট করে।
পরে আরও একটি লেগুনাকে আটকে চালক রুবেলকে মারধর করে একটি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে তারা। এ সময় ওই এলাকার টহলরত পুলিশের একটি গাড়ির গতিরোধ করে ডাকাত দল। পরে ডাকাতদল পুলিশের ওপর আক্রমণ করে ডাকাতির চেষ্টাকালে পুলিশ নিজের জানমাল ও সরকারি অস্ত্র-গুলি রক্ষার্থে ডাকাতদের ওপর গুলি ছোড়ে। পুলিশের গুলিতে মো. মারুফ হোসেন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করে গুলিবিদ্ধ মারুফ ও মো. রনি নামে আরেক ডাকাতকে আটক করে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর