উখিয়ায় চাকমা পল্লীতে হামলা, ৬০০ জনকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৯ মার্চ ২০১৮

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের তেলখোলা গ্রামের চাকমা পল্লীতে হামলার ঘটনায় অজ্ঞাত ছয়শ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। রোববার রাতে চাকমা পল্লীর হেডম্যান বাউনু চাকমা বাদী হয়ে এ মামলাটি করেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার ১০-১৫ জন রোহিঙ্গার একটি দল চাকমা পল্লীর আশপাশের গভীর পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যায়।

এ সময় তারা চাকমা সম্প্রদায়ের লোকজনের পানের বরজের বেশ কিছু খুঁটি উপড়ে নিয়ে যায়। এছাড়া রোহিঙ্গারা চাকমা সম্প্রদায়ের লোকজনের কলাবাগান, আদা, হলুদ ও মরিচসহ অন্যান্য সবজি ক্ষেতেও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।

তিনি বলেন, এ সময় রোহিঙ্গাদের লুটপাটে চাকমা সম্প্রদায়ের লোকজন বাধা দিলে কথাকাটিসহ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এসব রোহিঙ্গা বালুখালী ক্যাম্পে ফিরে আরও সংগঠিত হয়ে চাকমা পল্লীতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলার ঘটনায় দুইজন আহত হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ছয়শ জনকে আসাশি করে একটি এজাহার থানায় জমা দিয়েছেন চাকমা পল্লীর হেডম্যান বাউনু চাকমা। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।