মাদারীপুর
ভাড়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া
মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আরমান সরদার (৩৫) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এই ঘটনা ঘটে। ঘটনার পর কিছুসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা বিএনপি সদস্য আজমল হোসেন চৌধুরী ইথু শুক্রবার রাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে একটি প্রাইভেটকার ভাড়া করা নিয়ে চালকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এই খবর ছড়িয়ে পড়লে আজমল হোসেনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোলচত্বর এলাকায় জড়ো হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বাসস্ট্যান্ডের ফারুক মোল্লা নামের এক ব্যক্তির অফিসে হামলা চালানো হয়।
এ সময় এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে নজরুল সরদারের ছেলে পরিবহন শ্রমিক আরমান সরদার গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা জানান। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে গুঞ্জন থাকলেও পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সিসি টিভির ফুটেজ সংরক্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে ধাওয়া-পাল্টাধাওয়া এবং গুলিবিদ্ধ হবার গুঞ্জন ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড পরিবহন শূন্য হয়ে পড়ে। বিপাকে পড়েন যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
স্থানীয় বিএনপির নেতা শাহজাহান সাজু বলেন, পরিবহণ ভাড়া নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে আরমান সরদার নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেয়নি এখনও। তাছাড়া গুলির বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমরা ভিকটিমকে পাইনি, তবে গুলি করার একটা গুঞ্জন উঠেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/এএসএম