ভোলায় ২৫ মণ জাটকা জব্দ, ২৮ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৮

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ২৮ জেলেকে আটক করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

কোস্টগার্ড জানায়, ভোর রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর মেঘনা নদী এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় একটি ট্রলার বোঝাই করে জাটকা ইলিশ বরিশাল পাচার হচ্ছিল। কোস্টগার্ড ওই ট্রলারটি আটক করে প্রায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করে। তবে এ সময় কাউকে তারা আটক করতে পারেনি।

অপরদিকে ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও জব্দকৃত মাছ গরীব-দুস্থদের মধ্যে ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে আটকদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জড়িমানা করা হয় বলে জানিয়েছে দৌলতখান মৎস্য বিভাগ।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, ভোলার মেঘনা নদীতে কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ নিধন করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ২৮ জেলেকে আটক ও ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আদিল হোসেন তপু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।