বাড়িওয়ালাকে দাওয়াত খাইয়ে সর্বস্ব নিয়ে পালাল ভাড়াটিয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৯ জনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বাড়ির মালামাল লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে বাড়ির নতুন ভাড়াটিয়া পরিকল্পনা করে সর্বস্ব লুটে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই বাড়ির মালিকসহ ৯ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে ফতুল্লার দেলপাড়ার কলেজ রোড এলাকার আলি আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী পরিমাণ সম্পদ লুট করা হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। বাড়ির মালিক সুস্থ হয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

ঘটনার শিকার ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক আলি আহমেদ (৭০), তার স্ত্রী আমিরুন্নেছা (৬০), একই পরিবারের জোহরা বেগম (৪০), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই বাড়ির অন্য ভাড়াটিয়া আব্দুল্লাহ জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বাড়ির মালিক স্বপরিবারে থাকতেন। চলতি মাসের ১ তারিখে বাড়িতে নতুন ভাড়াটিয়া আসে। নতুন হওয়ায় এখনও ভাড়াটিয়ার সাথে যোগাযোগ হয়নি তাদের। নতুন ভাড়াটিয়া এলেও তারা বাড়িতে শুধুমাত্র হালকা বহনযোগ্য কিছু আসবাবপত্র ছাড়া তেমন কিছুই আনেননি।

তিনি আরো জানান, সকালে অন্য ভাড়াটিয়া তোফায়েল পানির ট্যাংকিতে পানি নেই জানাতে বাড়িওয়ালার খোঁজে গেলে তিনি দেখেন বাড়িওয়ালার বাড়িতে কেউ নেই, দরজা খোলা এবং আসবাবপত্রও একেবারে এলোমেলো। পরে চারতলায় উঠে দেখেন আলি আহমেদসহ ৯ জন অচেতন হয়ে পড়ে আছেন। পরে তিনি সকলকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, ৪র্থ তলার নতুন ভাড়াটিয়া পরিকল্পনা করে বাড়ির মালিকসহ পরিবারের সবাইকে দাওয়াত করে খাওয়ানোর ফাঁদে ফেলে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে এবং বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাড়াটিয়াকে গ্রেফতারের চেষ্টা করা হবে।

শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।