টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিনের পৃথক সময়ে এসব অভিযান চালানো হয়।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বুধবার ভোরে শাহপরীরদ্বীপ বিওপির নায়েক মো. আজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম নাফনদের ৪ নং স্লুইচগেট এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার সংবাদে সেখানে অবস্থান নেন।
ভোরে পার্শ্ববর্তী এলাকা দিয়ে দুইজন ব্যক্তিকে একটি বস্তা মাথায় করে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা বস্তা ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একইদিন সকাল সাড়ে ৯টার দিকে দমদমিয়া বিওপি চৌকির সুবেদার মো. আবদুর রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা জাদিমুড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে সেখানে ছুটে যায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পাশের এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা উদ্ধার করে বিজিবি। ওই বস্তা খুলে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সায়ীদ আলমগীর/এএম/এমএস