‘আত্মগোপনে ছিলেন বিএনপির নজরুল ইসলাম’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৫ এপ্রিল ২০১৮

নিখোঁজের ২০ দিনের মাথায় খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (৪৫) কক্সবাজারের রামু থেকে উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম স্বেচ্ছায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু কী কারণে তিনি আত্মগোপন করেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা টুটুল আরো জানান, গত ১৮ মার্চ খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নিখোঁজ হয়েছেন দাবি করে তার স্ত্রী খুলনা সদর থানায় একটি ডায়রি করেন। সে সূত্র ধরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রামুর তুলাবাগান এলাকার সিএনজি চালক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ ডায়রিতে উল্লেখ করা হয়, খুলনার ডুমুরিয়া মঙ্গলকোট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম গত ১৮ মার্চ নিখোঁজ হন। তাকে কেউ তুলে নিয়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হন সে বিষয়ে কিছু উল্লেখ করেনি ডায়রি দাতা।

রামু থানার ওসি লিয়াকত আলী জানান, নজরুলকে প্রথমে রামু থানায় হাজির করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে খুলনায় হস্তান্তর করা হবে।

তবে যার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে নজরুলের কী সম্পর্ক বা তার ব্যাপারে কী করা হয়েছে এসব বিষয়ে কিছুই বলতে চাননি পুলিশ কর্মকর্তারা।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।