অপহরণের ৪ দিন পর ছাত্রী উদ্ধার, গ্রেফতার ২
কক্সবাজারের চকরিয়ায় এক ছাত্রীকে অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে অপহরণের চারদিন পর ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল গ্রাম থেকে অপহরণকারীদের গ্রেফতার ও মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার মোক্তার আহমদ (৪০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩২)।
চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, গত ৫ এপ্রিল সকাল ১০টার দিকে বৃন্দাবনখিল এলাকার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের অভিযোগে তার বাবা চকরিয়া থানায় একটি মামলা করেন। মামলায় মোক্তার আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়।
মামলার পর পুলিশ অপহরণকারীদের ধরতে ও ভিকটিমকে উদ্ধারে অভিযুক্তদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।
প্রথমে অভিযুক্তরা কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় অবস্থান করলেও পুলিশ অভিযান শুরু করেছে জানতে পেরে সন্দেহ এড়াতে ভিকটিমকে সঙ্গে নিয়ে বৃন্দাবনখিল এলাকার নিজ বাড়িতে চলে আসে।
এ খবর পেয়ে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে মোক্তার আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত।
সায়ীদ আলমগীর/এএম/এমএস