হৃদয়ের হাত বিচ্ছিন্ন করা সেই ট্রাকচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় পরিবহন শ্রমিক হৃদয়ের হাত হারানোর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক জাকির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার পশ্চিম কাকই গ্রামের মৃত নুরু শরীফের ছেলে।

হাত হারানো হৃদয়ের বাবা শেখ রবিউল ইসলাম জানান, হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জরুরি বিভাগের নিচতলায় ১০২নং ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চিকিৎসাধীন। হৃদয়ের হাত জোড়া লাগানো সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটার পর ট্রাকচালক পালিয়ে যান। পরে বাগেরহাটের কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে হৃদয়ের হাত হারানোর ঘটনায় চালকের দোষ পাওয়া গেছে। ট্রাকচালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিলেন।

gopalgonj

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ওভারটেক করতে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এ সময় হৃদয়ের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়।

তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।