নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া ৪২ লাখ জাল টাকার ‘মূল হোতা’ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ এএম, ৩০ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪২ লাখ টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির কারখানার ‘মূল হোতা’ ইউনুছ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেফতার করে রাতেই ফতুল্লা থানায় আনা হয়েছে।

ইউনুছ মিয়া বাগেরহাটের কচুয়া উপজেলার বারদাইরার মহিউদ্দিনের ছেলে। সে গত ৪ মাস আগে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার খান মঞ্জিলের ৬ তলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করত।

এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ঢাকার র্যাব-২ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি কারখানা আবিষ্কার করে। ওইসময় ইউনুছের কর্মচারী মামুন ইসলাম সবুজ (২০) ও কমলা বেগমকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় ৪২ লাখ টাকার ৫০০ ও ১০০০ টাকার নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-২ এর একটি টিম ৪২ লাখ জাল টাকাসহ দুজনকে গ্রেফতারের পর মামলার তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়। তদন্ত করতে গিয়ে জাল টাকা তৈরির মূল হোতার নাম বেরিয়ে আসে। এরপর মূল হোতাকে ধরার অভিযানে নামি। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ইউনুছ মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের তিনদিন আগে ইউনুছ বাগেরহাটে যায়। গত তিন মাসে ৭০ লাখ টাকার জাল নোট বাজারে সেল করেছে। ইউনুছ শুধু ১০০০ ও ৫০০ টাকা নোট তৈরি করতো। সপ্তাহে ১৮ লাখ টাকার জাল নোট তৈরি করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। আর ঈদের আগে ২০ কোটি টাকা জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তার।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকারখান মঞ্জিলের ৬ তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি কারখানার সন্ধান পায় র্যাব-২ এর একটি টিম। এসময় ৪২ লাখ টাকার ৫০০ ও ১০০০ টাকার নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ড্রাইপ্লেট, বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, টাকা প্রস্তুত করার কালি, কার্টিজ জব্দ করে। এ ঘটনায় র্যাব-২ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করে।

মো. শাহাদাত হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।