ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন
গোপালগঞ্জে নেশাগ্রস্ত ভাতিজার ভারি অস্ত্রের আঘাতে চাচা আবু দাউদ ফকির (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আমির হোসেন ফকিরকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দাউদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহতের ছেলে মো. মানিক ফকির বলেন, আমার চাচাতো ভাই আমির হোসেন প্রায়ই তার বাবা-মাকে মারপিট করতো। সোমবার সকালে সে তার বাবা-মাকে মারপিট করছিল।
এ সময় আমার বাবা ঠেকাতে গেলে আমির ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাটিতে শুয়ে পড়েন বাবা। সেখানেই তার মৃত্যু হয়। আমি আমার বাবা খুনের বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুর ইসলাম বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস