কীভাবে ব্যবস্থা নিতে হয় আমি জানি : শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৫ মে ২০১৮

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে নামলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। ছাত্রলীগের নেতাকর্মীদের এ উদ্যোগের জন্য সাধুবাদ জানান তিনি।

শামীম ওসমান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা যখন মাঠে নামলো তখন হঠাৎ করে কেন অহেতুক বিনা প্রয়োজনে খালি ট্রাক প্রবেশ করানো হলো। ছাত্রলীগের অর্জনকে ম্লান করতে সাবোটাজ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে দাঁড়িয়ে জেলা ও মহানগর ছাত্রলীগের যানজট নিরসনে মাঠে থাকার বিষয়টি পর্যবেক্ষণ করতে এসে ট্রাক প্রবেশের বিষয়টি তুলে ধরেন তিনি।

শামীম ওসমান বলেন, আমি জানি এটা সাবোটাজ করা হচ্ছা। ইচ্ছা করে আজ ট্রাক প্রবেশ করানো হচ্ছে যাতে প্রমাণ করা হয় যে ছাত্রলীগ ব্যর্থ। গতকাল কিংবা আজ দুপুরেও এত ট্রাক আসেনি। আমি জানি কারা কেন এসব ট্রাক প্রবেশ করাচ্ছে। যারা ট্রাক থেকে চাঁদা তুলে তারাই এ কাজটি করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন নতুবা আমি আপনাদের বিরুদ্ধে নিব। কীভাবে ব্যবস্থা নিতে হয় আমি জানি। হয় ভালোভাবে ডিউটি করবেন। নতুবা আপনাদের প্রত্যাহার না করা পর্যন্ত ছাত্রলীগ সব গাড়ি বন্ধ করে দিবে। জনগণকে কষ্ট দেয়ার কোনো মানে নাই।

তিনি আরও বলেন, আমি শামীম ওসমান এমপি হিসেবে নির্দেশ ও আদেশ দিলাম কারা ট্রাক ঢুকায় ব্যবস্থা নিন। কাল দুপুর হতে আমি আবারও মাঠে নামবো। কার ট্রাক কে চাঁদা আদায় করে তা দেখবো না।

এদিকে শামীম ওসমান যখন ট্রাক ইস্যুতে কথা বলছিলেন তখন তার পাশে সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ও ট্রাফিকের পরিদর্শক সরফুদ্দিন উপস্থিত ছিলেন। ওই সময়ে চাষাঢ়া এলাকাতে একের পর এক খালি ট্রাক প্রবেশ করতে দেখা যায়।

ওই সময়ে শামীম ওসমান ট্রাফিক কর্মকর্তাকে ট্রাক প্রবেশের নিয়ম জানাতে বলেন। জবাবে ট্রাফিক পরিদর্শক সরফুদ্দিন বলেন, সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত ট্রাক প্রবেশ বন্ধ থাকবে। কিন্তু বিশেষ প্রয়োজনে ট্রাক প্রবেশ করতে পারবে। আর প্রতিদিন ৩০টি ট্রাক পাস নিয়ে প্রবেশ করবে।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।